সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক তাবলিগ কর্মীর মৃত্যু হয়েছে। তার নাম আবু বকর সিদ্দিক।
ষাটোর্ধ্ব এ ব্যক্তি বেশ কিছদিন ধরেই জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন। এছাড়া তার বাসায় রমজানের শুরু থেকেই তারাবির নামাজ পড়ানো হতো বলে জানা গেছে।
এদিকে রবিবার রাত একটায় ওই ব্যক্তি মারা যাওয়ায় ফজর নামাজের পর ভোর ৬টায় পৌর এলাকার ইমান্দিপুর কবরস্থানে দাফন করা হয়েছে। এজন্য স্বাস্থ্য বিভাগের কর্মীরা তার নমুনা সংগ্রহ করতে পারেননি।
এছাড়া তার পরিবারের একাধিক ব্যক্তি একই উপসর্গে ভুগছেন বলে জানা গেছে। তাদের নমুনা সংগ্রহের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।
অন্যদিকে সাভারে আজও ৪০ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের উল্লেখযোগ্য সংখ্যকই গার্মেন্টসকর্মী। এছাড়া গতকাল যে ৬৭ জনের নমুনা পরীক্ষায় দেয়া হয়েছে তার ফলাফল এখন পর্যন্ত পাওয়া যায়নি।