‘কোহলি বিশ্বসেরা ব্যাটার, সেরা অধিনায়ক উইলিয়ামসন’

পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফের চোখে ভারত অধিনায়ক বিরাট কোহলি দুর্দান্ত খেলোয়াড় এবং এই মুহূর্তে বিশ্বসেরা ব্যাটারা। তবে তার সেরা অধিনায়কের তালিকায় কোহলি নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে যুক্ত হয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউসুফ। সেখানেই এক ভক্ত প্রশ্ন রাখেন এক শব্দে কোহলিকে মূল্যায়নের।

উত্তরে ইউসুফ বলেন, ‘এই মুহূর্তে এক নম্বর। দুর্দান্ত খেলোয়াড়।’

সাদা বলের ক্রিকেটে এই মুহূর্তে সেরা অধিনায়ক বেছে নিতে বলা হয়েছিল ইউসুফকে। ৪৫ বছর বয়সী বেছে নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে।

ভারতের হয়ে কোহলি এখন পর্যন্ত ৮৬টি টেস্ট, ২৪৮টি ওয়ানডে ও ৮২টি টি-টোয়েন্টি খেলেছেন। রান করেছেন যথাক্রমে ৭২৪০, ১১৮৬৭ এবং ২৭৯৪। ওয়ানডেতে তার সর্বোচ্চ সংগ্রহটি পাকিস্তানের বিপক্ষেই। ২০১২ সালে ১৮৩ রানের ইনিংস খেলেন কোহলি।

১৯৯৮ থেকে ২০১০ সাল পর্যন্ত ইউসুফ পাকিস্তানের হয়ে ৯০টি টেস্ট, ২৮৮টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলেছেন।