আইপিএলে ১১ বছর টিকে ছিল এই পাকিস্তানির রেকর্ড

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই বিশ্বের সেরা ক্রিকেটারদের মেলা। কিন্তু পাকিস্তানি ক্রিকেটারদের উপস্থিতি থাকে না সেখানে। দুই দেশের রাজনৈতিক বৈরিতায় পাকিস্তানি ক্রিকেটাররা উপেক্ষিত আইপিএল থেকে। তবে ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসরে খেলেছিলেন ১১ পাকিস্তানি ক্রিকেটার। যারে অনেকেই পারফরম্যান্সের আলোয় ছিলেন উজ্জ্বল। ফাস্ট বোলার সোহেল তানভীরের একটি কীর্তি তো টিকে ছিল ১১ বছর।

১৩ বছর আগে ঠিক আজকের এই দিনেই কীর্তিটি গড়েছিলেন পাকিস্তানি ফাস্ট বোলার সোহেল তানভির। রাজস্থান রয়্যালসের হয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাত্র ১৪ খরচায় তুলে নেন ৬ উইকেট। ব্যতিক্রমী অ্যাকশনের বাঁহাতি বোলারের ৪ ওভারের কোটায় ছিল ১৭টি ডটবল।

রাজস্থান ও চেন্নাইয়ের মধ্যে লিগ ম্যাচ ছিল সেটি। জয়পুরে টস জিতে আগে ব্যাট করতে নেমেছিল চেন্নাই। কিন্তু পুড়তে হয়েছিল তানভিরের তোপে।

ইনিংসের প্রথম বলেই পার্থিব প্যাটেলকে ফিরিয়ে উইকেট উৎসবের শুরু করেছিলেন তানভির। এরপর একে একে শিকার বানান স্টিফেন ফ্লেমিং, এস বিদ্যুৎ, আলবি মরকেল, মুত্তিয়া মুরালিধরন ও মাখায়া এনটিনিকে। তাতে ১০৯ রানে গুটিয়ে যায় চেন্নাই। রাজস্থান যা পেরিয়ে যায় ৮ উইকেট ও ৩৪ বল রেখে।

সেবার রাজস্থানের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল সোহেল তানভিরের। ১১ ম্যাচে ২২ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি।

তানভিরের আইপিএল ইতিহাসে ম্যাচে সেরা বোলিংয়ের রেকর্ড ১১ বছর টিকে থাকার পর ২০১৮ সালে ভাঙে। নতুন কীর্তি গড়েন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা ক্যারিবিয়ান বোলার আলজারি জোসেফ। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১২ রান ব্যয়ে ৬ উইকেট নেন তিনি।