ক্যারিবীয় ব্যাটিং দানব আন্দ্রে রাসেলের বিধ্বংসী ব্যাটিং দেখে অভ্যস্ত সবাই। একা হাতে ঘুরিয়ে দিতে পারেন ম্যাচ। যে কোনো বোলারের জন্যই তাই আন্দ্রে রাসে ত্রাসের নাম। কিন্তু সেই রাসেলই মাশরাফীর বিপক্ষে সফল হতে পারেন না!
কেন পারেন না রাসেলের নিজের কাছেও তা ধাঁধা। মাশরাফীর কাছে তা জানতেও চেয়েছিলেন, ‘আমি কেন তোমাকে মারতে পারি না!’ সোমবার মাশরাফী ও তামিম ইকবালের ফেইসবুক লাইভ আড্ডায় এসব তথ্য ওঠে আসে।
তামিম ইকবাল প্রসঙ্গটি তোলেন, ‘আমরা সবাই জানি, আন্দ্রে রাসেল বিশ্বের সবচেয়ে বড় হিটারদের একজন। কিন্তু আপনাকে কেন ও মারতে পারে না?’
মাশরাফী হেসে বলেন, ‘শেষবার আউট হওয়ার পর ও বলে, ‘তোমাকে কেন আমি মারতে পারি না!’ আমি বললাম, ‘তোমার সমস্যা আছে। তুমি মেন্টালি সেট করে নিবে, আমার স্লোয়ার ডেলিভারি ১১৭ (কিলোমিটার) আর জোরে ডেলিভারি ১২০। কিন্তু তুমি জোরে ডেলিভারিটা ভাবো ১৩০, স্লোয়ার ১০৫। তুমি ওভাবে ব্যাট চালালে হবে না, অন্য সব বোলারের মতো আমাকে ভাবলে হবে না।’
মাশরাফী যোগ করেন, ‘এখানেই মনে হয় ওর (রাসেল) মাইন্ড সেট আপে সমস্যা হয়ে যায়। ও আমাকে ভাবে যে মিডিয়াম পেসার। কিন্তু জানে না যে কী আসছে…।’