চট্টগ্রামের পটিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের মারধরে এক বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত বুদরুছ মিয়া ( ৬৫) পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জমির বিরোধের জেরে গত শনিবার বুদরুছ মিয়াকে মারধর করে চাচাতো ভাই নুরুল আলম ও মাহবুবুল আলম। এরপর তাকে প্রথমে বিজিসি ট্রাস্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চমেকে আনা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয়।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন নিহতের স্বজনদের বরাত দিয়ে বলেন, জমির বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে জানতে পেরেছি। শনিবার বুদরুছের চাচাতো ভাইয়েরা বিরোধী সম্পত্তি সার্ভেয়ার দিয়ে পরিমাপ করাতে আনলে বুদরুছ ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাচাতো ভাইদের লাঠির আঘাতে গুরুতর আহত হন বুদরুছ ও তার এক ছেলে। তাদের বিজিসি হাসপাতাল ও চমেক হাসপাতাল চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নগরীর মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় বুদরুছের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, বুদরুছ মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে পাঠানো হয়ছে। এই ঘটনায় ৫ জনকে আসামী করে হত্যা মামলা হয়েছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।