পুরান ঢাকার কবি নজরুল কলেজের সামনে জনপ্রিয় চা বিক্রেতা মো. সুলতান খান মারা গেছেন। মঙ্গলবার দেশ রূপান্তরের কাছে বিষয়টি নিশ্চিত করেন তার একমাত্র ছেলে মো. সুমন খান।
তিনি জানান, সোমবার রাতে আমার বাবা হার্ট অ্যাটাকে মারা যান। দুপুরে আজিমপুর কবরস্থানে দাফন সম্পন্ন করি। পরিবারে বাবাই একমাত্র উপার্জনক্ষম ছিলেন। চায়ের দোকান দিয়ে চলত আমাদের পরিবার। তাই তার স্মৃতিকে ধরে রাখতে দেশের অবস্থা ঠিক হয়ে গেলে আমাদের এই চায়ের দোকান ফের চালু হবে।
সুলতানের মৃত্যুতে সূত্রাপুরের স্থানীয় বাসিন্দা মো. আরফিন সানজু শোক প্রকাশ করে বলেন, সুলতান মামা খুবই ভালো মানুষ ছিলেন। ২০ বছর আমি তার দোকানে চা খেয়েছি। তার সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে।
তিনি বলেন, পুরান ঢাকায় বেশ পরিচিত ছিল তার দোকান। প্রায় দুই যুগের বেশি সময় ধরে তার এ চায়ের দোকান চলছিল। তিনরকম চায়ের মধ্যে লেবু আর বিট লবণের চা বেশি জনপ্রিয় ছিল। সন্ধ্যা হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তার দোকানে চা খেয়ে আড্ডা দিত।
সুলতানের মৃত্যুর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যপক আলোচনা হয়। সবাই এ জনপ্রিয় চায়ের দোকানির মৃত্যুতে শোক প্রকাশ করেন।