মুন্সীগঞ্জে ৮ চিকিৎসক নার্স করোনায় আক্রান্ত

মুন্সীগঞ্জের সিরাজদীখানে গতকাল মঙ্গলবার এক দিনে আট চিকিৎসক ও নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় চিকিৎসক-নার্সসহ ৩৭ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হলেন। সকাল ১০টার দিকে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বদিউজ্জামান এ তথ্য জানিয়েছেন।

এছাড়া একই দিন বিকেলে উপজেলায় করোনা আক্রান্ত পল্লীবিদ্যুতের চার কর্মচারীর বাড়ি লকডাউন করেছে প্রশাসন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে ছয়জন নার্সের করোনা শনাক্ত হয়। এতে এক দিনেই আটজন চিকিৎসক ও নার্সের করোনা শনাক্ত হলো। এছাড়া আক্রান্ত ছয় নার্সের তিন স্বজনও করোনায় আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৯৭ জন।

পল্লীবিদ্যুতের ৪ কর্মচারীর বাড়ি লকডাউন : সিরাজদীখান উপজেলায় গতকাল বিকেলে করোনা আক্রান্ত পল্লীবিদ্যুতের চার কর্মচারীর বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার রশুনিয়া গ্রামের ওই বাড়িগুলো লকডাউন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার এ তথ্য নিশ্চিত করেন।