টিভি নাটকের জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে প্রথমবারের মতো একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা যাবে। কোয়ারেন্টাইনের সময় এই ছবি ধারণ করা হয়েছে মোবাইলে!
নিজের চিত্রনাট্যে ‘ওয়েটিং’ নামের চলচ্চিত্রটি নির্মাণ করছেন কাজল আরেফিন অমি। আরও অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ।
সিলভার স্ক্রিনের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির গল্প এগিয়েছে ফেইসবুকে পরিচয় হওয়া দুটি মানুষকে ঘিরে। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে যেদিন সিদ্ধান্ত নেয় দেখা করার- সেদিনই পুরো শহর লকডাউন! এখান থেকেই সরল গল্পটিতে জটিল একটা বাঁক তৈরি হয়।
দৃশ্যায়ন হয়েছে অভিনেতাদের বাসায়। সাহায্য করেছেন বাড়ির অন্য সদস্যরা। পেশাদার কোনো কুশলী ছিলেন না এই সময়। ‘ওয়েটিং’-এর দৈর্ঘ্য ১০ মিনিটের মতো। বর্তমানে চলছে সম্পাদনা।
শুটিং প্রসঙ্গে নির্মাতা অমি জানান, তিনজন শিল্পীই মোবাইলে দিয়ে নিজেদের দৃশ্যগুলো এক এক করে শুট করেছেন। এরপর দৃশ্যগুলো সংগ্রহ করে পাঠানো হয়েছে ভিডিও এডিটরের কাছে।
কিছুদিন আগে একই প্রক্রিয়ায় নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অংশ নেন ভারতের বিভিন্ন রাজ্যের তারকারা।