মুখ খালি। হাত খালি। চোখে আবার বিশেষ চশমা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এভাবে মাস্ক প্রস্ততকারক কারখানায় গিয়ে আরেকবার সমালোচনা উসকে দিয়েছেন। স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
মঙ্গলবার ফিনিক্সের হানিওয়েল কারখানায় পরিদর্শনে যান ট্রাম্প। কারখানা পরিদর্শনের সময় তার সঙ্গে থাকা কর্মকর্তাদের মুখও খালি দেখা গেছে। হাতেও ছিল না গ্লাভস। তবে সেফটি গ্লাস পরেছিলেন সবাই।
নভেল করোনাভাইরাস মুখ-নাক দিয়ে বেশি ছড়ায় বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছে। কিছু ক্ষেত্রে এটি চোখ দিয়েও শরীরে প্রবেশ করতে পারে।
ট্রাম্প শরীরের ঝুঁকিপূর্ণ অংশ খালি রেখে কেন শুধু চোখ ঢাকলেন সেটি স্পষ্ট নয়। স্বাস্থ্যের ব্যাপারে তিনি বরাবর অসচেতন। আগে শোনা গেছে, ব্যক্তিগত চিকিৎসকেরা তাকে নিয়মিত ব্যায়াম করতে বললেও তিনি করেন না!
আরও পড়ুন: ডাক্তারের চেয়ে ‘বেশি বোঝেন’ ভোজনরসিক ট্রাম্প
আশ্চর্যের বিষয় হল ট্রাম্পের সফরের সময় কারখানার সব কর্মীর মুখে মাস্ক ছিল। কারখানার বিভিন্ন কাট-আউটে লেখাও ছিল মাস্ক ছাড়া এই এলাকায় প্রবেশ করা যাবে না।
এই প্রথম নয়, এর আগেও একাধিক ক্ষেত্রে মাস্ক পরতে অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, মৃত্যু এবং আক্রান্তের সংখ্যায় গোটা বিশ্বে ট্রাম্পের দেশ আমেরিকা শীর্ষে। সেখানে এখন পর্যন্ত ৭১ হাজার ৯২১ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ১২ লাখ ৩৩ হাজার ১৪৬। সুস্থ হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৮৪১ জন।