সাভারে গণপরিবহন চালু-আর্থিক সহযোগিতার দাবিতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন

সরকারের আর্থিক প্রণোদনা ও সহযোগিতা চেয়ে এবং অবিলম্বে গণপরিবহন চালুর দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে মানববন্ধন করেছে গণপরিহন শ্রমিকরা।

একপর্যায়ে মানববন্ধনে অংশ নেয়া শ্রমিকরা সড়কে শুয়ে পড়ে গণপরিবহন বন্ধ রাখার প্রতিবাদ জানান।

বুধবার দুপুরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

আয়োজিত মানববন্ধন ভুক্তভোগীরা জানায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর আগ থেকেই আমাদের গাড়ি বসা থাকায় আয় রোজগার বন্ধ হয়ে গেছে। সরকারের আইন মেনে ঘরে বসে থাকলেও এখন পর্যন্ত আমরা কোথাও থেকে কোনো আর্থিক সহযোগিতা পাইনি। আমরা খেয়ে না খেয়ে দিন পার করলেও শ্রমিক নেতা, জনপ্রতিনিধি এমনকি প্রশাসনের পক্ষ থেকেও কোনো অনুদান পাচ্ছি না।

গ্রামীণসেবা পরিবহনের চালক মামুন বলেন, সড়কে গণপরিবহন ছাড়া অন্যান্য পরিবহন ঠিকই চলাচল করছে। গার্মেন্টস খুলে দেয়া হয়েছে, মার্কেটও খোলার সিদ্ধান্ত হয়েছে তাহলে আমাদের গাড়ি কেন বন্ধ রাখা হয়েছে। আমাদের দাবি হয়তো সরকার অবিলম্বে আমাদের গণপরিবহন চালুর করে দিবে অথবা খেয়ে দেয়ে বাঁচার মতো ব্যবস্থা করে দিবে।

ঠিকানা পরিবহনের চালক বলেন, এলাকায় সিমিত পরিসরে জনপ্রতিনিধিরা ত্রাণ দিলেও আমরা অন্য জায়গার ভোটার হওয়ায় কোনো সহযোগিতা পাচ্ছি না। এই মুহূর্তে আমরা পরিবার নিয়ে না খেয়ে অনেক কষ্টে আছি। সরকার আমাদের খাওয়ার ব্যবস্থা করুক না হয় আমাদের গাড়ি চালানোর অনুমতি দিয়ে দিক।

একপর্যায়ে মানববন্ধন থেকে ভুক্তভোগী পরিবহন শ্রমিকরা রাস্তায় শুয়ে পড়লে কিছু সময়ের জন্য সড়কটিতে যান চলাচলে বিঘ্ন ঘটে।

এ সময় সড়কে অতিরিক্ত গাড়ি থাকায় যানজটেরও সৃষ্টি হয়। পরে থানা পুলিশ এসব পরিবহন শ্রমিকদেরকে সড়ক থেকে সরিয়ে দেয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আহাদ হোসেন বলেন, গণপরিবহনের শ্রমিকরা সরকারের কাছে আর্থিক সহযোগিতা ও গাড়ি চালানোর অনুমতি চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ সময় কিছু শ্রমিক রাস্তায় শুয়ে পড়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেয়া হয় এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।