চট্টগ্রামে এক শ্রীলংকান নাগরিকের করোনা শনাক্ত

চট্টগ্রামের খুলশীতে বসবাসরত এক শ্রীলঙ্কান নাগরিক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এই প্রথম বাংলাদেশে কোন বিদেশী নাগরিকের করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেল। 

বুধবার চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ১২২টি নমুনা পরীক্ষার মধ্যে শ্রীলংকার নাগরিকসহ ২২ জনের করোনা পজেটিভ এসেছে।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, সিভাসুর ল্যাবে নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলার ১৪ জনের শরীরে করোনাভাইরাস অস্তিত্ব শনাক্ত হয়েছে। বাকিদের মধ্যে রাঙামাটি জেলার চার জন, নোয়াখালী জেলার দুই জন এবং ফেনী ও লক্ষ্মীপুর জেলার একজন করে শনাক্ত হয়েছে। 

চট্টগ্রাম জেলায় আক্রান্তদের মধ্যে খুলশীতে বসবাসরত শ্রীলংকান নাগরিক, সিএমপির দুইজন পুলিশ সদস্য, তিন কোস্টগার্ড সদস্য, বাশঁখালী উপজেলার দুইজন এবং সাতকানিয়া, হাটহাজারী, সীতাকুন্ড, মীরসরাই উপজেলার একজন করে আছেন। এছাড়া, বিআইটিআইডিতে একজন ও ফিল্ড হাসপাতালের একজনের কভিড-১৯ শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন জানিয়েছেন, চট্টগ্রামের এই ১৪ জনের মধ্যে একজন পুরানো রোগীও রয়েছে। যার দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায়ও পজেটিভ এসেছে। 

উল্লেখ্য, চট্টগ্রাম জেলায় বিআইটিআইডি ও সিভাসুর ল্যাবে নমুনা পরীক্ষায় বুধবার পর্যন্ত শনাক্ত হয়েছে ১২৪ জন। এই পর্যন্ত কভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন।