মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে যুবরাজ সিংকে অবহেলার অভিযোগ নতুন নয়। এবার সেই তালিকায় বিরাট কোহলিকেও যোগ করেছেন যুবরাজ সিংয়ের পিতা যোগরাজ সিং।
সাবেক এই ক্রিকেটার ও পাঞ্জাবি ছবির অভিনেতা সরাসরিই বলেছেন, তার ছেলে যুবরাজ সিংকে কোনোভাবেই সাহায্য করেননি ধোনি-কোহলি।
কদিন আগেই যুবরাজ সিংহ বলেছিলেন, ভারতীয় দলে অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর কাছ থেকে যতটা সহায়তা ও সমর্থন পেয়েছেন, তার ছিটেফোঁটা পাননি ধোনি ও কোহলির কাছ থেকে। দেশটির ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক এও বলেছেন, ধোনি তার চেয়ে সুরেশ রায়নাকে দলে পেতে চাইতেন।
এবার যুবরাজের বাবা যোগরাজ সিং এক সাক্ষাৎকারে বললেন, ‘ধোনি-কোহলির সঙ্গে নির্বাচকরাও বিশ্বাসঘাতকতা করেছে। কিছুদিন আগেই রবি শাস্ত্রীর সঙ্গে দেখা হল। ও আমার সঙ্গে ছবি তোলার ইচ্ছা প্রকাশ করল। ওকে বললাম, সমস্ত গ্রেট প্লেয়ারদের সম্মানের সঙ্গে বিদায় জানানো উচিত।’
ভারতের হয়ে ১ টেস্ট ও ৬ ওয়ানডে খেলা যোগরাজ যোগ করেন, ‘যখন ধোনি, কোহলি কিংবা রোহিত অবসর নেবে বোর্ডকে বলব যথাসম্ভব যেন সম্মান করে। কারণ ওরা জাতীয় দলকে অনেক কিছু দিয়েছে। তবে যুবরাজকে অনেকে পেছন থেকে ছুরি মেরেছে। এটা ভীষণ যন্ত্রণাদায়ক।’
যুবরাজের মতো তার বাবাও বলছেন ২০১১ বিশ্বকাপে যুবরাজের জায়গায় রায়নাকে দলে পেতে চাইত ধোনি। বলেন, ‘ধোনি যে ২০১১ বিশ্বকাপে যুবরাজের পরিবর্তে রায়নাকে চেয়েছিল, এতে আর আশ্চর্য কী! কোনো একটা মিটিংয়ে একজন বলেছিল, যুবরাজ সিংয়ের আর দলে প্রয়োজন নেই। কারণ রায়না খেলছে। একথা যুবরাজ বহু ক্রিকেটারকেও বলতে শুনেছে।’
ভারতের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক যুবরাজ। ২০১৭ সালের পর আর ভারতীয় দলে ডাক পাননি তিনি। গত বছর বিদায় বলে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে।