করোনা দুর্গতদের জন্য তহবিল সংগ্রহে নেমে সাড়া ফেলেছেন দবিরুল

করোনাভাইরাস সংকটে দুর্গতদের জন্য তহবিল সংগ্রহে নেমে সাড়া ফেলেছেন বাংলাদেশি বংশদ্ভূত শতবর্ষী ব্রিটিশ নাগরিক দবিরুল ইসলাম চৌধুরী।

তহবিলের জন্য লন্ডনের উপকণ্ঠে সেন্ট আলবান্স শহরে নিজের বাড়ির বাগানে প্রতিদিন ১০০ বার করে ৮০ মিটার পথ হাঁটছেন তিনি । ২৬ এপ্রিল থেকে শুরু হয়েছে তার এই কার্যক্রম, পুরো রোজার মাসে তিনি এই হাঁটা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

মাত্র এক হাজার পাউন্ড সংগ্রহের পরিকল্পনা নিয়ে হাঁটা শুরু করার পর মাত্র ১০ দিনে দবিরুলের তহিবলে জমা হয়েছে ৭৮ হাজার পাউন্ডের বেশি অর্থ।

১৯২০ সালের ১ জানুয়ারি সিলেটের দিরাই থানার কুলঞ্জ গ্রামে জন্ম নেওয়া দবিরুল ব্রিটেনে পাড়ি জমিয়েছিলেন ১৯৫৭ সালে। লেখাপড়ার পর সেখানে চাকরির পাশাপাশি কমিউনিটির কাজেও জড়িয়ে পড়েন তিনি। তার স্ত্রী খালেদা দবীর চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখার একজন নেত্রী।

কমিউনিটিতে সুপরিচিত পেনশনার দবিরুল ইসলাম চৌধুরীকে অনেকেই চেনেন কবি দবিরুল হিসাবে। কবিতাপ্রেমী দবিরুল ইসলাম চৌধুরী এখনো কোনো সভা-সমাবেশে গেলে স্বরচিত কবিতা পড়ে শোনান। তার লেখা কবিতার বইও প্রকাশিত হয়েছে।

করোনাভাইরাস সংকটে পুরো বিশ্ব যখন টালমাটাল, সেই সংকটে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা ভর করে শতবর্ষী দবিরুলের মাথায়। এর মধ্যে টেলিভিশনে আরেক শতবর্ষী ব্রিটিশ সেনা টম মুরের নিজের বাড়ির আঙিনায় হেঁটে এনএইচএস অর্থাৎ ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের জন্য ৩৩ মিলিয়ন পাউন্ড সংগ্রহের খবর দেখে অনুপ্রাণিত হন তিনি।

দবিরুল ইসলাম চৌধুরী দুর্গত মানুষের কল্যাণে ১০০ বছর বয়সে হেঁটে তহবিল সংগ্রহের চ্যালেঞ্জে নেমে পড়েন। তার তহবিলে প্রথম একজন দান করেন ১০০ পাউন্ড।

দৃঢ়চেতা এই প্রবীণের উদ্যম দেখে তাকে সহযোগিতায় এগিয়ে আসেন ছেলে ব্যবসায়ী আতিক চৌধুরী। এরপর দবিরুলের প্রচেষ্টায় এগিয়ে আসে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস টিভির প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিলও। বিবিসি টেলিভিশন ও গার্ডিয়ানসহ যুক্তরাজ্যের মূলধারার বিভিন্ন সংবাদমাধ্যমেও দবিরুল ইসলাম চৌধুরীর এই উদ্যোগ নিয়ে প্রতিবেদন হয়েছে।

দবিরুল ইসলাম চৌধুরীর এই তহবিলে শেষ পর্যন্ত লাখ পাউন্ড ছাড়িয়ে যাবে বলে আশা করছেন তার ছেলে আতিক চৌধুরী।

সংগৃহীত সব অর্থ দান করা হবে রামাদান ফ্যামিলি কমিটমেন্ট (আরএফসি) নামের একটি চ্যারিটিকে। এই চ্যারিটি ২৬টি সংগঠনকে এই অর্থ সমানভাবে ভাগ করে দেবে, যা দিয়ে যুক্তরাজ্য ও বাংলাদেশসহ বিভিন্ন দেশে দুর্গতদের সহায়তা করা হবে।

https://www.justgiving.com/fundraising/dabirul-islam-choudhury এই ওয়েবসাইটে গিয়ে দবিরুল ইসলাম চৌধুরীর এই উদ্যোগে যে কেউ অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন।