ত্রাণ নিয়ে বিতণ্ডায় আওয়ামী লীগ নেতাকে 'ভ্যানচালকের মারধর'

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ত্রাণ নিয়ে বিতণ্ডার জেরে বাহ্রা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা তাঁতী লীগের সহসভাপতি জয়নাল আবেদীনকে (৫২) পিটিয়ে আহত করেছে স্থানীয় এক ভ্যাঞ্চালক ও তুহিন এবং তুষার নামে দুই সহোদরসহ আরও ৪/৫জন। 

বুধবার দুপুরে বলমন্তচর ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। আহত জয়নাল আবেদীন উপজেলার বলমন্তচর গ্রামের মৃত শাহেদ বেপারীর ছেলে।

জয়নাল আবেদীন অভিযোগ করে বলেন, আমি বাড়ি থেকে বাগমারা বাজারের উদ্দেশ্যে বের হয়ে বলমন্তচর ব্রিজের ঢালে আসলে পরে আমার সঙ্গে স্থানীয় ভ্যানচালক ফালানের ত্রাণ বিতরণ নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে বাজারে চলে আসি। বাড়ি ফেরার পথে ব্রিজের ঢালে পৌঁছালে করিম ও তার দুই ছেলে তুহিন ও তুষারসহ আরও ৪/৫ জন আমার ওপর হাতুড়ি, লাঠি নিয়ে হামলা করে। এক পর্যায়ে ইট দিয়ে আমাকে আঘাত করতে থাকে এবং আমার ডান গালের নিচে মারাত্মক জখম হয়। আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা আমাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

নবাবগঞ্জ থানা ডিউটি অফিসার এসআই মৃত্যুঞ্জয় কুমার কীর্তনিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।