ফেনীর সোনাগাজী ও দাগনভূঞা উপজেলায় পানিতে পড়ে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দক্ষিণ চরসোনাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে রিজভী হোসেন (৫), মেয়ে তাসপিয়া (৪) ও দাগনভূঞা উপজেলার সালামনগর গ্রামের মো. আবু তাহেরের ছেলে তানজিমুল আহম্মেদ তাওসিফ (৩)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে রিজভী ও তাসপিয়া বাড়ির পাশে খেলা করছিল। পরে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে তাদের মৃতদেহ ভাসতে দেখেন। সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সোনাগাজী থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ পনিতে পড়ে দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুবাইয়াত বিন করিম আরেক শিশুর পরিবারের বরাত দিয়ে জানান, তাওসিফ বাড়ির সামনে একা খেলা করছিল। পরে পাশের ডোবায় তার মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।