শিশুটির জন্মের পরেই মারা যান মা জেসমিন আক্তার। ছয়মাস বয়সী ছেলে শিশুটি থাকে নানি সাহিদা বেগমের কাছে। মাদকাসক্ত বাবা বিল্লাল ছেলের কোনো খবরই রাখতেন না।
দীর্ঘদিন ওঁৎ পেতে থেকে সুযোগ বুঝে নানির চোখ ফাঁকি দিয়ে ছেলেকে চুরি করে নিয়ে ২০ হাজার টাকায় বিক্রি করে দেন বিল্লাল।
সোমবার ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বার পাড়া গ্রামে।
বিভিন্ন স্থানে খোঁজ করতে করতে শিশুটির নানি ও মামারা জানতে পারেন, গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের হাউলি কেউটিল গ্রামের আক্কাছ আলী খানের কাছে শিশুটিকে বিক্রি করে দেন বিল্লাল।
বিষয়টি গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনকে জানালে তিনি শিশুটিকে উদ্ধার করে নানির কাছে হস্তান্তর করেন।
আক্কাছ আলী খান বলেন, ‘আমার কোনো সন্তান নেই। তাই শিশুটির বাবার প্রস্তাবে রাজি হয়ে ২০ হাজার টাকা দিয়ে স্ট্যাম্পে লিখিতভাবে দত্তক নিই।’
তিনি বলেন, ‘দত্তক নেওয়ার আইন না জেনে আমি বিল্লালের ফাঁদে পা দিয়ে মোটেও ঠিক করিনি।’