র্যাব-১৪ কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্পের সদস্যরা মহাসড়কে যানবাহনে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ট্রাক, তিনটি পিকআপভ্যান জব্দসহ মাদক বিক্রির ১৯ হাজার ৯শ টাকা উদ্ধার করে।
বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাক্ষ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার গোলচত্বর এলাকায় এই তল্লাশি চালায় র্যাব।
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, তিনি এবং স্কোয়াড কমান্ডার চন্দন দেবনাথের নেতৃত্বে একটি দল ওই এলাকায় চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করতে থাকেন। তল্লাশীকালে সকাল পৌনে ৮টার দিকে ঢাকাগামী ঢাকা মেট্রো-ন-১৫-৫৫৬০ পিকআপটি থামিয়ে তল্লাশি করার সময় সাড়ে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে ফজর আলী (৩৩) এবং একই এলাকার মৃত সিদ্দিক আলীর ছেলে শুভ মিয়া (২৫) কে আটক করা হয়। এ সময় মাদক বিক্রির টাকাসহ মাদক পাচারে ব্যবহৃত পিকআপভ্যানটিও জব্দ করা হয়।
পরে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা অভিমুখি (ঢাকা মেট্রো-ট-২২-৯৩৭১) ট্রাকটি থামিয়ে তল্লাশী করে মাদক বিক্রির ৮ হাজার টাকাসহ ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার জামতৈল গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিমুল মিয়া (২১) এবং ভাড়ারিয়া গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের ছেলে হাফিজুর রহমান (২০) কে। জব্দ করার হয় মাদক পাচারে ব্যবহার করা ট্রাকটিও।
সকাল সোয়া ৯টার দিকে ঢাকাগামী (ঢাকা মেট্রো-ন-১১-২৮০৩) একটি পিকআপভ্যানে তল্লাশি করে উদ্ধার করা হয় ৪০ কেজি গাঁজা। আটক করা হয় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নয়নপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে তৈয়ব আলী (২৯) এবং গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার মির্জাপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে সোহরাব (২৫) কে। জব্দ করা হয় মাদক পাচারে ব্যবহৃত পিকআপভ্যানটিও।
সকাল সোয়া ১০টার দিকে ঢাকাগামী (ঢাকা মেট্রো-ন-১৭-৩৬১৩) পিকআপভ্যানটি থামিয়ে তল্লাশিকালে উদ্ধার করা হয় ৬০ কেজি গাঁজা এবং গাঁজা বিক্রির ১ হাজার ৯শ টাকা। আটক করা হয় রংপুর জেলার মিঠাপুর উপজেলার বকতিপুর গ্রামের মোতালেব মিয়ার ছেলে জামাল হোসেন (২৮) কে। জব্দ করা হয় গাঁজা পরিবহণে ব্যবহার করা পিকআপভ্যানটি।
ভৈরব র্যাব ক্যাম্প চত্বরে সংবাদ সম্মেলনে আরও জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা করে ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় তাদের সোপর্দ করা হবে।