২০ হাজার টাকায় শিশু বিক্রি

জন্মের পরেই মারা গেছে মা জেসমিন আক্তার। ছয়মাস বয়সী ছেলে শিশুটি থাকে নানি সাহিদা বেগমের কাছে। মাদকাসক্ত বাবা বিল্লাল ছেলের কোনো খবরই রাখেন না। দীর্ঘদিন ওৎ পেতে থেকে সুযোগ বুঝে নানির চোখ ফাঁকি দিয়ে ছেলেকে নিয়ে ২০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে বিল্লাল। গত সোমবার ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বার পাড়া গ্রামে।

বিভিন্ন স্থানে খোঁজ করতে করতে শিশুটির নানি ও মামারা জানতে পারেন, গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাউলি কেউটিল গ্রামের আক্কাছ আলী খানের কাছে শিশুটিকে বিক্রি করে দিয়েছে বিল্লাল। বিষয়টি গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনকে জানালে তিনি শিশুটিকে উদ্ধার করে নানির কাছে হস্তান্তর করেন। আক্কাছ আলী খান বলেন, ‘আমার কোনো সন্তান নেই। তাই শিশুটির বাবার প্রস্তাবে রাজি হয়ে ২০ হাজার টাকা দিয়ে স্ট্যাম্পে লিখিতভাবে দত্তক নিই। দত্তক নেওয়ার আইন না জেনে আমি বিল্লালের ফাঁদে পা দিয়ে মোটেও ঠিক করিনি।’