চট্টগ্রামের সীতাকুন্ডে গত বুধবার নতুন করে তিন করোনা রোগী শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে একটি বেসরকারি সংস্থার একজন কর্মকর্তা, আরেকজন একটি কারখানার ফোরম্যান ও অন্যজন সবজি ব্যবসায়ী। আক্রান্তের খবর নিশ্চিতের পর উপজেলা প্রশাসন ৩০০ শ্রমিকসহ একটি কারখানা এবং চারটি বাড়ি লকডাউন করেছে।
উপজেলার আমিরাবাদ এলাকার ফারুক হোসেন (২৬) নামে ওই কর্মকর্তা গত ২৯ এপ্রিল করোনা পরীক্ষার নমুনা দেন। গত বুধবার রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত ব্যক্তির সঙ্গে বিভিন্ন সময় দেখা হওয়ায় হোম কোয়ারেন্টাইনে চলে গেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) নুরউদ্দিন রাশেদ।
এছাড়া কুমিরার একটি কারখানার ফোরম্যান সেলিমের (৫০) করোনা শনাক্ত হয়। এরপর প্রশাসন রাত ১২টার দিকে ওই কারখানায় কর্মরত ৩০০ কর্মকর্তা-কর্মচারীসহ কারখানাটি লকডাউন করে। একইদিন মো. বেলাল (৫০) নামে সলিমপুর ফকিরহাটের এক সবজি বিক্রেতার করোনা শনাক্ত হয়।