শরীয়তপুরে ১০ টাকা কেজি চালের কার্ড নিয়ে তর্কে একজন খুন

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বিল্লাল হোসেন ব্যাপারী নামে এক কৃষককে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার রাতে গোসাইরহাট পৌরসভার বিনোটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন ব্যাপারী (৪০) গোসাইরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বিনোটিয়া গ্রামের মান্নান ব্যাপারীর ছেলে।

গোসাইরহাট থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে সরকারি ওএমএসের ১০ টাকা দামের চালের কার্ড নিয়ে নিহত বিল্লাল হোসেন ব্যাপারী ও তার প্রতিবেশী কাদির ব্যাপারীর সঙ্গে গোসাইরহাট পৌরসভার বিনোটিয়া এলাকায় বাকবিতণ্ডা হয়। তখন স্থানীয় লোকজন তাদের বিষয়টি মীমাংসা করে দেয়।

তবুও রাত ৮টার দিকে কাদির ব্যাপারীর ছেলে ফেরদৌস ব্যাপারী, চাচাতো ভাই মো. শাজাহান বেপারী, ভাতিজা আনিছ বেপারী ও আমিন উদ্দিন ব্যাপারীসহ ৮/১০ জন মিলে বিনোটিয়া গ্রামের লিটন রাড়ীর স্যানিটারির দোকানের সামনে বিল্লাল ব্যাপারীকে রড দিয়ে পিটিয়ে ও কিল-ঘুষি মেরে আহত করে।

গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য বিল্লাল ব্যাপারীকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার সময় বিল্লাল ব্যাপারীর ছোট ভাই হোসেন ব্যাপারীকেও পিটিয়ে আহত করা হয়।

এ ঘটনায় আটজনকে আসামি করে গোসাইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত বিল্লাল হোসেন ব্যাপারীর ভাই হাসান ব্যাপারী।

গোসাইরহাট পৌরসভা ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হুমায়ন সিকদার বলেন, কাদির ব্যাপারী বলেছেন ১০ টাকা দামের চালের কার্ড পাইনি আর বিল্লাল ব্যাপারী বলেছেন আপনি পেয়েছেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক হয়। পরে কাদির ব্যাপারীরা হামলা করে পিটিয়ে ও কিল-ঘুষি মেরে বিল্লাল ব্যাপারীকে হত্যা করে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত।

গোসাইরহাট থানার ইনচার্জ (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, বিনোটিয়া গ্রামের ঘটনায় নিহতের ভাই হাসান বাদী হয়ে আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।