নিজের পছন্দের সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশ জানালেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তবে তার একাদশে জায়গা হয়নি সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের!
জায়গা হয়নি পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার ইমরান খানেরও। অবশ্য আফ্রিদি তার দলে রেখেছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলিকে।
ক্রিকেট বিশ্বকাপের নাম উঠলেই সবার আগে যে দুটি নাম মাথায় আসে, তারা হলেন মাস্টার ব্লাস্টার শচীন এবং কিংবদন্তি ইমরান। আফ্রিদি তার সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশে কেন তাদের রাখলেন না, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছেন ক্রিকেট প্রেমীরা। ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিংও সেই পাকিস্তানের সাবেক অধিনায়কের দলে।
আফ্রিদি তারা বিশ্বকাপ একাদশে ওপেনার হিসেবে বেছে নিয়েছেন নিজ দেশের সাঈদ আনোয়ারকে। সঙ্গী হিসেবে রেখেছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টকে। পাকিস্তানের হয়ে ২১টি বিশ্বকাপের ম্যাচে ৯১৫ রান করেছেন সাঈদ আনোয়ার। অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে ৩১টি বিশ্বকাপ ম্যাচে ১০৮৫ রান করেছেন গিলক্রিস্ট।
আফ্রিদি ব্যাটিং অর্ডারে তিন, চার ও পাঁচে রেখেছেন যথাক্রমে রিকি পন্টিং, বিরাট কোহলি ও ইনজামাম-উল-হককে। অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপ উপহার দিয়েছেন পন্টিং। ভারতের হয়ে ২৬ বিশ্বকাপ ম্যাচে ১০৩০ রান কোহলির। ইনজামাম ১৯৯২ সাল থেকে ২০০৭ পর্যন্ত পাকিস্তানকে পাঁচটি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন।
শাহিদ আফ্রিদির দলের ছয় নম্বর স্থান সংরক্ষিত হয়েছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের জন্য। পাকিস্তানের হয়ে বিশ্বকাপে ৫৫ উইকেট নেওয়ার পাশাপাশি প্রচুর রান করা ওয়াসিম আকরামকে দলের সাত নম্বরে ব্যাট করতে পাঠাতে চান আফ্রিদি।
অস্ট্রেলিয়ার হয়ে ৩৯টি বিশ্বকাপ ম্যাচে ৭১ উইকেট নেওয়া গ্লেন ম্যাকগ্রা, পাকিস্তানের হয়ে ১৯ ম্যাচে ৩০ উইকেট নেওয়া শোয়েব আখতার রয়েছেন আফ্রিদির সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশে।
রয়েছেন বিশ্বকাপে যথাক্রমে ৩২ ও ২৩ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন ও পাকিস্তানের সাকলায়েন মুশতাক।
আফ্রিদির সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশ:
সাঈদ আনোয়ার, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, বিরাট কোহলি, ইনজামাম-উল-হক, জ্যাক ক্যালিস, ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা, শোয়েব আখতার, শেন ওয়ার্ন ও সাকলায়েন মুশতাক।