কামারখন্দে মা ও ৮ বছরের শিশু করোনায় আক্রান্ত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের হালুয়াকান্দি গ্রামের মা ও শিশু ছেলের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

শুক্রবার বিকেলে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ফারুক হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন বলেন, উপজেলার জামতৈল ইউনিয়নের হালুয়াকান্দি গ্রামের ফিরোজ মাস্টারের ছেলে সেলিম হোসেন ঢাকার তেজগাঁও এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। পরিবারসহ সেখানেই বাস করতেন। তিনি সেখানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে স্ত্রী সন্তান নিয়ে গত ২৯ এপ্রিল রাতে বাড়ি আসেন। খবর পেয়ে ওই রাতেই প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ি লকডাউন করা হয় ও তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

তিনি আরও বেলেন, এ ছাড়া কামারখন্দ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পরদিন ৩০ এপ্রিল সকালে সেলিম তার চিকিৎসার কাগজপত্র দেখাতে না পারায় তাকেসহ তার পরিবারের ৫ জনের নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসে পাঠানো হয়। শুক্রবার বিকেলে তার স্ত্রী-সন্তানের রিপোর্ট হাতে আসে। এতে দেখা যায় সেলিম হোসেনের স্ত্রী ও তার শিশু ছেলে (৮) এর করোনা পজেটিভ এসেছে। কিন্তু তাদের শরীরে করোনার কোন লক্ষণ নেই। তারপরেও তাদেরকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া ওই এলাকা লকডাউন করা হয়েছে।