ব্যবসায়ীদের সিদ্ধান্ত: ঈদের আগে খুলছে না চট্টগ্রামের মার্কেট

করোনা পরিস্থিতিতে আগামী ১০ মে থেকে দোকান ও শপিংমল খোলার ব্যাপারে সরকারের অনুমতি মিললেও আসন্ন ঈদের আগে খুলছে না চট্টগ্রাম শহরের অধিকাংশ বিপনী কেন্দ্র (মার্কেট)।

কোভিড-১৯ সংক্রমণ রোধে এমন সিদ্ধান্ত নিয়েছেন নগরীর ব্যবসায়ী নেতারা। শুক্রবার এক বৈঠকে সম্মিলিতভাবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলাপ করে জানা যায়, ঈদের আগে মার্কেট খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে বিকেলে মিমি সুপার মার্কেট পার্কিং চত্বরে নগরীর বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী সমিতির নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিস্তারিত আলোচনা শেষে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আগামী ৩১ মে পর্যন্ত ৯টি মার্কেট না খোলার সিদ্ধান্ত হয়। এগুলো হলো- সানমার ওশান সিটি, মিমি সুপার মার্কেট, ফিনলে স্কয়ার, আফমি প্লাজা, চিটাগাং শপিং কমপ্লেক্স, কল্লোল সুপার মার্কেট, আমিন সেন্টার, সেন্ট্রাল প্লাজা, খুলশী কনকর্ড টাউন সেন্টার।

এছাড়া শনিবারের মধ্যে আরো বেশ কিছু মার্কেটের বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় অন্যানের মধ্যে সানমার ওশান সিটি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদ ইফতেখার, সাধারণ সম্পাদক মো. হাসান, আমিন সেন্টারের সভাপতি সাহেদ আলী, সাধারণ সম্পাদক সাহেদুল আলম, আফমী প্লাজার পরিচালক স্বপন মুহুরী, আখতারুজ্জামান সেন্টারের সভাপতি আজিজুল হক নসু, চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ফিনলে স্কয়ারের সাধারণ সম্পাদক মো. জুয়েল, সেন্ট্রাল প্লাজার সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, প্রমুখ উপস্থিত ছিলেন। 

মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন দেশ রূপান্তরকে বলেন, চলমান করোনা দুর্যোগে মার্কেটগুলো খুলে দেওয়া হলে কতটা স্বাস্থ্য বিধি মেনে চলা সম্ভব হবে সেটা নিয়ে ব্যবসায়ীরা সংশয় প্রকাশ করেছেন। যে কারণে আগামী ৩১ মে পর্যন্ত অধিকাংশ মার্কেট বন্ধ রাখার বিষয়ে সকলে একমত পোষণ করেন।