ফেনীর সোনাগাজী উপজেলায় নুর করিম নামে যুবদলের স্থানীয় এক নেতার বাড়িতে ভাঙচুর ও লুট হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামে ঘটনাটি ঘটে। করিম মঙ্গলকান্দি ইউনিয়ন যুবদলেরর সহসভাপতি।
নুর করিম বলেন, ঘটনার সময় মুখোশধারী ৮-৯ দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে আমার বাড়িতে ঢুকে আমাকে খুঁজতে থাকে। তাদের ভয়ে আমি বাড়ি থেকে পালিয়ে রক্ষা পাই। পরে তারা বসতঘরে ব্যাপক ভাঙচুর করে ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। আমার মা বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে তিনি আহত হন। ঘটনার জন্য তিনি ক্ষমতাসীন দলের সমর্থকদের দায়ী করেন। ত্রাণসামগ্রী বণ্টন নিয়ে সৃষ্ট বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে জানান তিনি।
মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদল বলেন, ঘটনা জানার পর তিনি করিমের বাড়ি পরিদর্শনে যান। তার পরিবারের সঙ্গে কথা বলে ঘটনায় যারা জড়িত হোক না কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। এ ঘটনায় ক্ষমতাসীন দলের কেউ জড়িত নন বলে দাবি করেন তিনি।