আগস্ট মাসের মধ্যেই বাবরি মসজিদ মামলার রায়

আগামী ৩১ আগস্টের মধ্যে বাবরি মসজিদ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে রায় ঘোষণা করতে হবে।

শুক্রবার লখনউর বিশেষ সিবিআই আদালতকে এই সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট।

এই মামলায় অভিযুক্তরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এলকে আডবানি, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মুরলী মনোহর যোশী আর উমা ভারতী।

এনডিটিভি জানায়, এর আগে গত বছর জুলাইতে শীর্ষ আদালত নয় মাসের মধ্যে এই মামলার রায় ঘোষণা করতে নির্দেশ দিয়েছিল। চলতি বছর এপ্রিলে শেষ হয়েছে সেই মেয়াদ।

জানা গেছে, সিবিআই কোর্টের বিচারক সুপ্রিম কোর্টে চিঠি লিখে মেয়াদ বৃদ্ধির আর্জি জানিয়েছিলেন। কারণ দেশব্যাপী লকডাউনের জেরে শুনানি প্রক্রিয়া ব্যাহত হয়।

এই মর্মে পাঠানো চিঠির প্রেক্ষিতে আরও চার মাস মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত দেয় সুপ্রিম কোর্ট।

তবে গোটা প্রক্রিয়া শেষ করতে যাতে আগস্ট পেরিয়ে না যায়, তা নিশ্চিত করতে বলেছে সুপ্রিম কোর্ট।

সিবিআই কোর্টকে পাঠানো নির্দেশে শীর্ষ আদালত বলেছে, ‘প্রয়োজনে ভিডিও কনফারেন্সিং করে শুনানি করুন। কিন্তু ৩১ আগস্টের আগেই যাতে রায় ঘোষণা সম্পন্ন হয়।’

গত ২০১৭ সালের ১৯ এপ্রিল সুপ্রিম কোর্ট এই মামলায় আরও দুজনকে চার্জশিটে অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করেছিল। তাদের মধ্যে অন্যতম বিজেপি সাংসদ বিনয় কাটিয়ার আর সাধ্বী রীতম্বরা।

অবশ্য এই মামলার অপর তিন অভিযুক্ত গিরিরাজ কিশোর, বিশ্ব হিন্দু পরিষদের অশোক সিংহল আর বিষ্ণু ডালমিয়া বিচারাধীন অবস্থায় মারা গেছেন।

গত ২০১৭ সালে শীর্ষ আদালত এই মামলার নিষ্পত্তি করতে দুই বছর সময় বেঁধে দিয়েছিল। ২০১৯ সালের জুলাই মাসে শেষ হয়েছে সেই মেয়াদ। ফের ৯ মাস বাড়ানো হয়েছিল মেয়াদ যা শেষ হয়েছে চলতি বছর এপ্রিলে।

এবার আরও চার মাস বাড়ানো হল মামলা নিষ্পত্তির মেয়াদ। পাশাপাশি বাড়ল সিবিআই আদালতের বিচারক এসকে যাদবের অবসরের মেয়াদ। গত বছরের সেপ্টেম্বরে এই বিচারকের অবসরের কথা থাকলেও, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদে বহাল থাকবেন তিনি।