মসজিদের একটি তলাকে কোয়ারেন্টাইন সেন্টার করতে কলকাতা পৌরসভাকে প্রস্তাব দিয়েছে মসজিদ কমিটি। স্থানীয় গার্ডেনরিচ এলাকার বাঙালি বাজার মসজিদ থেকে এই প্রস্তাব এসেছে।
এনডিটিভি জানায়, মসজিদের তৃতীয় তলার ৬ হাজার বর্গফুট জায়গা কোয়ারেন্টাইন কেন্দ্র হিসেবে ব্যবহার করতে যাবে বলে প্রস্তাবে বলা হয়। পবিত্র রমজান মাসে সামাজিক স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।
পৌরসভা সূত্র জানায়, করোনা সংক্রমণের জেরে কলকাতায় ক্রমশ কমছে কোয়ারেন্টাইন কেন্দ্রে বেডের সংখ্যা। ফলে বাঙালি বাজার মসজিদ কমিটির এই সিদ্ধান্তে সমস্যার কিছুটা সমাধান হবে।
এই প্রসঙ্গে বাঙালি বাজার মসজিদ কমিটির ইমাম মাওলানা ক্বারি মোহাম্মদ রাজবি বলেন, “আমাদের কাছে খবর ছিল নতুন কোয়ারেন্টাইন কেন্দ্র খুলতে জায়গা খুঁজছে রাজ্য সরকার। তাই ভাবলাম তৃতীয় তলায় কোয়ারেন্টাইন কেন্দ্র খুলতে প্রস্তাব দিই। সেই তলা পরিষ্কার আর সব ধরনের ব্যবস্থাও আছে।”
তিনি দাবি করেছেন, যেহেতু লকডাউনের কারণে গণজমায়েত নিষিদ্ধ। তাই স্থানীয়রা মসজিদে আসছেন না। তাদের ঘরেই রমজান পালন করতে পরামর্শ দেওয়া হয়েছে। মসজিদ কমিটির দাবি, “স্থানীয়দের অনুমতি নিয়েই প্রস্তাব দেওয়া হয়েছে। সবাই এই মহৎ উদ্দেশ্যকে সমর্থন করেছেন।”
এ দিকে আনন্দবাজার পত্রিকা জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩০ জন। মারা গেছেন নয়জন। এই নিয়ে শুক্রবার পর্যন্ত সরাসরি করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ৮৮। আর পুরো ভারতে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছুঁই ছুঁই, মৃত্যুর সংখ্যা ১ হাজার ৯৮৫ জন।বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট আক্রান্ত ৩৯ লাখ ৩৭ হাজার ছাড়িয়েছে; মৃত্যু ছাড়িয়েছে ২ লাখ ৭৬ হাজার।