বাগেরহাট জেলা কারাগারে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সাজাপ্রাপ্ত ১৯ জন কয়েদি মুক্তি দিচ্ছে সরকার। শুক্রবার বিকেলে ১৯ জনের মধ্যে পাঁচজন বন্দিকে মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ।
এর আগে আরও প্রথম ধাপে একজনকে মুক্তি দেয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে বাকি ১৩ জনকে আগামী দুয়েকদিনের মধ্যে মুক্তি দেয়া হবে।
বাগেরহাট জেলা কারাগারে বন্দি ধারণক্ষমতা চারশ। ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ বন্দী এই কারাগারে রয়েছেন। বর্তমানে ৭২৪ জন বন্দী রয়েছেন। এর মধ্যে ৩৭ জন নারী।
বাগেরহাট জেলা কারাগারের জেলার এস এম মহিউদ্দিন হায়দার জানান, করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় কারাগারের ভিড় কমাতে লঘুদণ্ডে দণ্ডিত (৬ মাস থেকে এক বছরের সাজা হওয়া) কয়েদিদের তালিকা চায় কারা মহাপরিদর্শক। আমরা এপ্রিলের প্রথম সপ্তায় ৪৮ জন সাজাপ্রাপ্ত বন্দী কয়েদির তালিকা তৈরি করে কারা কর্তৃপক্ষের কাছে পাঠাই। এর মধ্যে সরকার দ্বিতীয় ধাপে ১৯জন বন্দীকে মুক্তি দিতে অনুমোদন দিয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী পাঁচজনকে মুক্তি দেয়া হয়েছে। বাকিদের কিছু আইনি জটিলতা রয়েছে তা শেষ করেই দুয়েক দিনের মধ্যে মুক্তি দেয়া হবে।