ভারতে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। তবে পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছালেও তা মোকাবিলায় দেশ প্রস্তুত আছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে শনিবার ভিডিও কনফারেন্সের সময় এ মন্তব্য করেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী। হর্ষ বর্ধন বলেন, “আমাদের দেশে এখনো অনেক উন্নত দেশের মতো করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়নি। তবে সেরকম কিছু হলে তার জন্য আমরা প্রস্তুত আছি।”
“করোনায় দেশে মৃত্যু হার ৩.৩ শতাংশের আশপাশে রয়েছে। সুস্থ হয়ে ওঠার হার বেড়ে ২৯.৯ শতাংশ হয়েছে। এটা খুবই ভালো লক্ষণ।... শুধুমাত্র করোনা রোগীদের জন্য ৮৪৩টি হাসপাতাল নির্দিষ্ট করা হয়েছে। গোটা দেশে কোভিড-১৯ এর জন্য ৯৯১টি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। গোটা বিষয়টির ওপর নজর রেখেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।”
দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছুঁই ছুঁই; মৃত্যুর সংখ্যা ১ হাজার ৯৮৫ জন।