ত্রাণর দাবিতে গাছের গুঁড়ি ফেলে, কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কর্মহীন মানুষজন। কুড়িগ্রাম সদরের
কাঁঠালবাড়িতে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা কয়েক শ নারী-পুরুষ বিক্ষোভে অংশগ্রহণ করে।
এ সময় রাস্তার দু’পাশে সব যানচলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা ইউনিয়ন পরিষদ ঘেরাও করে স্লোগান দেন। একপর্যায়ে ইউনিয়ন পরিষদের মূলফটকে তালা লাগিয়ে দেন তারা।
অবরোধ ও বিক্ষোভ চলার সময় উপজেলা নির্বাহী অফিসার ইউপি চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলালকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে তার গাড়ি ভাংচুর করে বিক্ষুদ্ধ বিক্ষুব্ধরা। পরে পুলিশ তাকে নিরাপদে ঘটনাস্থল থেকে নিয়ে যায়।
দুপুর সোয়া ১টার দিকে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু ঘটনাস্থলে গিয়ে ত্রাণ দেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদ থেকে বারবার তাদের আইডি কার্ডের ফটোকপি নেয়া হয়। কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ত্রাণ সহায়তা পাননি। ফলে পরিবার-পরিজন নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন। এ অবস্থা সহ্য করতে না পেরে, তারা রাস্তায় নেমেছেন।
এ ব্যাপারে কাঁঠালবাড়ী ইউপি চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল জানান, সরকারি বরাদ্দকৃত খাদ্য সহায়তা ইউনিয়নের সবকটি ওয়ার্ডে বিতরণ করা হয়।
এ বিক্ষোভের জন্য সংরক্ষিত আসনের একজন নারী সদস্যকে দায়ী করেন তিনি।
সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম জানান, অবরোধের বিষয়টি জানার পর তিনি জনগণের সঙ্গে কথা বলার জন্য যান। হঠাৎ একদল লোক আমার ওপর চড়াও হয় এবং গাড়ি ভাংচুর করে। এতে গাড়ির পেছনের গ্লাসটি ভেঙে যায়।