জেমি সিডন্সকে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট মানেন তামিম

অস্ট্রেলিয়ান কোচ জেমি সিডন্সকে নিজের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে মানেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

ক্যারিয়ারের শুরু থেকেই মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত তামিম। বিশেষ করে ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের পর থেকেই। বিশ্বকাপের ঠিক আগের সিরিজে তার জাতীয় দলে অভিষেক। এরপর নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন দেশের সেরা ব্যাটসম্যান হিসেবে।

দেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান তামিম। আর টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। শীর্ষ স্থান নিয়ে মুশফিকুর রহিমের সঙ্গে চলছে তার মধুর লড়াই।

তা আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বছরের পথচলায় কোন দিকটিকে টার্নিং পয়েন্ট মানেন তামিম? শুক্রবার ফেইসবুক লাইভ শো ‘তামিম ইকবাল লাইভ শো উইথ তাসকিন অ্যান্ড রুবেল’-এ এমন একটি প্রশ্নই তামিমকে রেখেছেন রুবেল হোসেন।

তামিম যার উত্তর দিতে গিয়ে বলেন, ‘এই জিনিসটা (মারকুটে ব্যাটসম্যান হিসেবে চেনা) আমার ক্যারিয়ারের প্রথম দিকেই হয়ে গিয়েছিল। ভারতের বিপক্ষে ২০০৭ সালের যে বিশ্বকাপ ম্যাচটা। আমার শুরুটাই এমন ছিল।’

‘কিন্তু ওই ম্যাচের পর বেশ বড় গ্যাপ ছিল, যেখানে আমি ভালো খেলিনি। আমি শুধু সর্বোচ্চ চেষ্টা করে গেছি যেন দলে থাকি। ওরকম কোনো বড় পারফরম্যান্স করছিলাম না। আমার কাছে মনে হয় যদি আমার ক্যারিয়ারের বড় টার্নিং পয়েন্ট বলতে হয় সেটা জেমি সিডন্স।’

২০০৭ সালের অক্টোবরে দায়িত্ব নিয়ে ২০১১ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে ছিলেন সিডন্স। তামিম বলছিলেন, ‘জেমি সিডন্স যখন আসল, যখন ওর কাছ থেকে কাজ করা শুরু করলাম…। আমার যত লিমিটেশনস ছিল ব্যাটিংয়ে, আমি আমার স্টোকসগুলো বাড়াতে পারলাম, আমার দুর্বলতা নিয়ে কাজ করলাম।’

তামিম যোগ করেন, ‘আমার কাছে মনে হয় আমার টার্নিং পয়েন্ট হচ্ছে ওই জায়গা থেকেই। যতদিন আমি জেমি সিডন্সের অধীনে ছিলাম।’