বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করোনা চিকিৎসায় কার্যকর বলে বিবেচিত রেমডেসিভির জেনেরিক ওষুধ দেশে প্রথম তারাই উৎপাদন করেছে।
যদিও শুকবার এসকেএফ দাবি করে দেশে এ ওষুধটি তারা উৎপাদন করেছে।
বেক্সিমকো জানায়, শুক্রবার ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকার অনলাইন সংস্করণ ও পরদিন ছাপা সংস্করণে প্রকাশিত করোনা চিকিৎসায় দেশে প্রথম রেমডেসিভির উৎপাদন করল এসকেএফ’ শীর্ষক সংবাদ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর দৃষ্টিগোচরে এসেছে। সংবাদে উল্লেখ করা হয় যে, শুক্রবার থেকেই রেমডেসিভির ওষুধ সরবরাহের প্রস্তুতি শুরু করেছে এসকেএফ। একই সংবাদ অন্যান্য গণমাধ্যমও পুনঃপ্রকাশ করেছে। আমরা মনে করি এই সংবাদ প্রতিবেদন বিভ্রান্তিকর ও তথ্যগতভাবে ভুল।
বেক্সিমকো জানায়, আমরা স্পষ্টভাবে বলতে চাই যে, বাংলাদেশে বেক্সিমকো ফার্মাই প্রথম এই জেনেরিক ওষুধ উৎপাদন করেছে। শুধু তা-ই নয়, বেক্সিমকো ফার্মাই প্রথম ও এখন পর্যন্ত একমাত্র কোম্পানি যারা ওষুধ প্রশাসন অধিদপ্তরে (ডিজিডিএ) পরীক্ষা ও অনুমোদনের জন্য এই জেনেরিক ওষুধের চূড়ান্ত নমুনা জমা দিয়েছে।
তারা জানায়, এই ওষুধ উৎপাদনের পর সকল প্রয়োজনীয় অভ্যন্তরীণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার পর বৃহস্পতিবার ওষুধ প্রশাসন অধিদপ্তরে পরীক্ষা ও অনুমোদনের জন্য চূড়ান্ত নমুনা জমা দেয় বেক্সিমকো ফার্মা। কোনো কোম্পানি বাংলাদেশ বা বিশ্বজুড়ে কোনো ওষুধ সরবরাহ করার আগে এই অনুমোদন গ্রহণের বিষয়টি আইনগতভাবে বাধ্যতামূলক।
প্রতিষ্ঠানটি জানায়, অনেক আগে রেমডেসিভির উৎপাদন করলেও এর ঘোষণা দেওয়া থেকে বিরত থাকে বেক্সিমকো ফার্মা, কেন না আমরা মনে করেছি যে, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কর্তৃক যাচাই-বাছাই ও কার্যকারিতার পরীক্ষা সম্পন্ন হওয়ার আগে এ ধরসডর ঘোষণা দায়িত্বজ্ঞানহীন ও অনৈতিক হতো; পাশাপাশি জনগণকেও বিভ্রান্ত করতো।