লক্ষ্মীপুরে নিখোঁজের চার দিন পর দেড় বছর বয়সী শিশু রাহিমা আক্তারের মরদেহ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রাহিমা ওই গ্রামের ফয়েজ আহমেদ মনুর মেয়ে। এ ছাড়া গতকাল সকালে জেলার রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামে সাবিহা নামের তিন বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সাবিহা কেরোয়া মুন্সী বাড়ির ইসমাইল মুন্সীর মেয়ে।
পুলিশ জানায়, ৫ মে দুপুরে রাহিমা নিখোঁজ হয়। দিনভর খোঁজাখুঁজির পর রাত ১০টায় রাহিমার বাবা ফয়েজ থানায় ডায়েরি করেন। গত চার দিনেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
গতকাল সকালে বাড়ির লোকজন সেপটিক ট্যাংকের ভেতরে শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
চন্দ্রগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রায়পুরের উত্তর কেরোয়া গ্রামে গতকাল সবার অজান্তে সাবিহা তাদের ঘরের পাশে পুকুরের ঘাটে গেলে পা পিছলে পড়ে পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে সাবিহার মরদেহ পুকুরে ভেসে ওঠে। পরে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।