ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খীরু ব্রিজের পাশে গত শুক্রবার সন্ধ্যায় ড্রাম ট্রাকের মেরামতকাজ করানোর সময় চালক ও তার সহকারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ড্রাম ট্রাক রাস্তার পাশে রেখে মেরামত করা হচ্ছিল। এ সময় ট্রাকটির পেছনের অংশ ওপরে তোলার সময় চালক ও তার সহকারী বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই সহকারী সাজন (১৯) মারা যান। তিনি উপজেলার মামারিশপুর গ্রামের মনির হোসেনের ছেলে।
চালক রাজুকে (২১) দগ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজু ওই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
ভালুকা মডেল থানার এসআই আবদুল করিম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালক ও তার সহকারী মারা গেছেন।