ট্রাম্পের কারণে আমেরিকায় ‘বিশৃঙ্খল বিপর্যয়’ দেখছেন ওবামা

করোনাকালে ট্রাম্প প্রশাসনের ‘দুর্বল’ ভূমিকার কারণে আমেরিকায় ‘বিশৃঙ্খল বিপর্যয়ের’ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

করোনা মহামারী আকারে দেখা দেয়ার পর ট্রাম্প চিকিৎসাব্যবস্থা নিয়ে ওবামা প্রশাসনের সমালোচনা করলেও নোবেলজয়ী প্রেসিডেন্ট এতদিন চুপ ছিলেন।

ওবামা অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার ৩ হাজার সদস্যের সঙ্গে কনফারেন্স করেন তিনি। এই সংগঠনের সব সদস্য ওবামার আমলে কাজ করেছেন।

ওই কনফারেন্সের বক্তব্যকে উদ্ধৃত করে ইয়াহু নিউজ লিখেছে, সামনের নির্বাচনে ওবামা সবাইকে এক হয়ে ট্রাম্পের বিরুদ্ধে কাজ করতে বলেছেন। জো বাইডেন যেন জিততে পারেন, সেই চেষ্টা করতে বলেছেন।

‘আসন্ন নির্বাচন সবদিক থেকে গুরুত্বপূর্ণ। বর্তমান প্রশাসনের দুর্বলতার কারণে চারদিকে সত্যিকারের বিশৃঙ্খল বিপর্যয়। পৃথিবীতে আমরা শত্রুতে পরিণত হয়েছি।’

‘যতটা সময় পারা যায় আমি বাইডেনের হয়ে প্রচারণায় নামতে যাচ্ছি। আমাদের ভালো একটি সরকার গড়তে হবে।’

নভেল করোনাভাইরাসে গোটা পৃথিবীতে ৪০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ২ লাখ ৮০ হাজার। এর মধ্যে আমেরিকায়ই শুধু প্রাণ হারিয়েছেন ৭৯ হাজার ৬৪৫ জন!

শুরুতে দেশটি কড়াকড়ি লকডাউনের ঘোষণা দিলেও এখন শিথিল করছে। বিশ্লেষকেরা বলছেন, সামনের নির্বাচনে জিততে অর্থনীতি সচল রাখতে চান ট্রাম্প। আর তাই লকডাউন উঠিয়ে নিচ্ছেন।