প্রকাশ হয়েছে ওয়েব সিরিজ ‘ঘরে বসে আয়নাবাজি’র গান ‘এই শহর আমার’। অমিতাভ রেজার কথা ও অর্ণবের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন সিবাত তাজওয়ার।
করোনা ভাইরাসের সংকটকালীন সময়ে রহস্যঘেরা সচেতনতামূলক গল্প নিয়েই দর্শকদের সামনে আবারও ফিরে এসেছে ‘আয়নাবাজি’। যেখানে অভিনেতা, নির্মাতা এবং সকল কলাকূশলীরাই কাজ করেছেন ঘরে বসেই। ইতিমধ্যে টিজারে এর এক ঝলক দেখা গেছে।
উন্নয়ন সংস্থা ব্র্যাক, আয়নাবাজি ফেইসবুক পেজে নতুন এ গানের ভিডিও প্রকাশিত হয়েছে শনিবার। যেখানে করোনাকালে ঢাকা শহরের চিত্র ফুটে উঠেছে। অস্থির শহরের থমকে যাওয়া এ ছবির সঙ্গে মানুষের পাশে মানুষের দাঁড়ানোর ছবিও উঠে এসেছে।
নাসিফ ফারুকের গল্পে প্রথম সিরিজের তিনটি পর্বে দেখা যাবে করোনাকালে আয়নাবাজির চরিত্রগুলোর জীবনযাপন।
নির্মাতা অমিতাভ রেজা বলেন, আয়নাবাজি মানুষের মনে গেঁথে রয়েছে। সেই চরিত্রগুলো যেন এবার মানুষকে সচেতন করতে পারে, সেটাই লক্ষ্য। ঘরে বসে আয়নাবাজি সিরিজে প্রতিটি পর্বের দৈর্ঘ্য ৭ থেকে ৮ মিনিট। করোনাভাইরাসে আক্রান্ত আয়না কীভাবে প্রতিকূলতাকে জয় করে আর সেখানে প্রতিবেশী এবং নিকটজনেরা কীভাবে সাহায্য করতে এগিয়ে এসেছে, সেটাই এই সিরিজে প্রকাশিত হয়েছে।