নওগাঁর সাপাহারে বিভিন্ন ডাক্তারের সিল প্যাড ব্যবহার করার অভিযোগে আনারুল ইসলাম (৩৫) নামের এক ভুয়া চিকিৎসককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার উপজেলার কাঁচা কাজার এলাকায় চৌধুরী মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহরাব হোসেন ।
এ সময় দোকান থেকে অনুমোদনবিহীন লক্ষাধিক টাকার ওষুধ জব্দ করা হয়। পরে জব্দকৃত ওষুধগুলি উপজেলা পরিষদ চত্বরে ধ্বংস করা হয়েছে। আনারুল ইসলাম পত্নীতলা উপজেলার গোবিন্দবাটি গ্রামের রহিম উদ্দীনের ছেলে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহরাব হোসেন দেশ রূপান্তরকে বলেন, দীর্ঘদিন ধরে সাপাহার উপজেলা সদরের কাঁচাবাজার এলাকায় চৌধুরী মার্কেটে দোকান ঘর ভাড়া নিয়ে বিভিন্ন ডাক্তারের সিল প্যাড ব্যবহার করে সাধারণ রোগীদের সাথে প্রতারণা ও অনুমোদনবিহীন ওষুধ বিক্রি করে আসছিল। ভেজাল ওষুধ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এহেন গর্হিত কাজ করবেন না মর্মে লিখিত স্বীকারোক্তি ও মুচলেকা প্রদান করেন।