নারায়ণগঞ্জ শহরের কালিরবাজারে অবস্থিত বৃহৎ কাপড়ের মার্কেট ফ্রেন্ডস মার্কেট বন্ধ করে দিয়েছে প্রশাসন। স্বাস্থ্যবিধি না মানায় রোববার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মোহাম্মদ আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে মার্কেটটি বন্ধ করে দেওয়া হয়েছে।
যতদিন পর্যন্ত তারা সুরক্ষা নিশ্চিত করতে না পারবে ততদিন পর্যন্ত মার্কেট বন্ধ থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। একই সাথে এন ইসলাম রেলওয়ে মার্কেট স্বাস্থ্যবিধি নিশ্চিত করায় তাদের ধন্যবাদ জানিয়ে ধারাবাহিকতা ধরে রাখার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মোহাম্মদ আলী দেশ রূপান্তরকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলার ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছিল। সে লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সাথে দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে তারা কথা দিয়েছিলেন স্বাস্থ্যবিধি নিশ্চিত করবেন। কিন্তু আমরা এসে দেখলাম ফ্রেন্ডস মার্কেটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হয়নি। তাই এই মার্কেটকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আমাদের ঈদ আন্দন্দের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষের জীবন। ইতোমধ্যে আমরা অনেককে হারিয়েছি। জেলা প্রশাসনের অনেক কর্মকর্তা আক্রান্ত হয়েছে জনগণের কল্যাণে কাজ করতে গিয়ে। বেঁচে থাকলে আমরা সবাই মিলে ঈদের আনন্দ উপভোগ করতে পারবো। করোনা হটস্পট থেকে নারায়ণগঞ্জকে বেরিয়ে আসতে সবাইকে সহযোগিতা করতে হবে।
উল্লেখ্য যে, গত ২৬ মার্চ থেকে সারাদেশেই দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার পাশাপাশি নারায়ণগঞ্জেও দোকানপাট ও বিপণিবিতানগুলো বন্ধ রয়েছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার ঈদের কেনাকাটার জন্য স্বাস্থ্যবিধি মেনে সীমিতভাবে দোকানপাট খোলা হবে বলে জানান। যার সূত্র ধরে ১০ মে থেকে বিপণিবিতান খুলে দেওয়ার আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়েছিল।