দুর্যোগকালে সরকার সমন্বয় কমিটি না করে একলা চলো নীতিতে চলছে। এ কারণে ত্রাণ বণ্টন সঠিক হচ্ছে না। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগরের সভাপতি মজিবর রহমান সরোয়ার গতকাল রবিবার এ অভিযোগ করেন।
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত বরিশাল জেলা ও মহানগর ইমারত শ্রমিক ইউনিয়নের দুই শতাধিক শ্রমিকের মধ্যে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন মজিবর রহমান সরোয়ার।
দুপুরে নগরের মোড়কখোলাপুল এলাকার ইমারত শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে খাদ্যসামগ্রী শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় সরোয়ার বলেন, সরকারের উচিত ছিল সব দলকে নিয়ে একটি সমন্বয় কমিটি করা। তারা তা না করে এই দুর্যোগকালে একলা চলো নীতিতে চলছে। একলা চলার কারণে ত্রাণ বিতরণে অনিয়ম হয়েছে এবং হচ্ছে। ফলে অনেক দুস্থ, অসহায় ও কর্মহীন পরিবার ত্রাণ থেকে বঞ্চিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা এমজি ফারুকসহ অনেক।