চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯ স্বাস্থ্যকর্মীসহ ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া স্বাস্থকর্মীদের পরিবারের সদস্যদের মধ্যে শিশুসহ তিনজন করোনা আক্রান্ত হয়েছেন।
গতকাল রবিবার দুপুরে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকার বিআইটিআইডি থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়। গত ৩ মে তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ইতিপূর্বে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরও দুই স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছিলেন। বিষয়টি নিশ্চিত করেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হানিফ।
মো. হানিফ দেশ রূপান্তরকে জানান, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের চিকিৎসাসেবা সীমিত করার পরিকল্পনা আছে। করোনা আক্রান্তদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।