পানিতে ডুবে চা শ্রমিকের সন্তানের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম এলাকায় ধলাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুব দিয়ে মারা গেছে দেওড়াছড়া চা বাগান শ্রমিক দুর্গা কুর্মীর ছেলে জীবন কুর্মী (১৫)।

দীর্ঘ সময় সে পানির নিচ থেকে না উঠায় বন্ধুরা বিকাল ৪টা থেকে পানিতে খুঁজে সন্ধ্যা সাড়ে ৬টায় তার লাশ উদ্ধার করে। রোববার সন্ধ্যায় এমন ঘটনা ঘটে।

রহিমপুর ইউপির দেওড়াছড়া চা বাগান ওয়ার্ডের ইউপি সদস্য সিতাংশ কর্মকার দেশ রূপান্তরকে বলেন, দেওড়াছড়া জীবন কুর্মী সাথের বন্ধুদের নিয়ে বিষ্ণুপুর এলাকায় ধলাই নদীতে মাছ ধরতে যায়। জীবন কুর্মী পানিতে ডুব দিয়ে নিচ থেকে মাছ ধরে আনতে গেলে সে আর পানির নিচ থেকে উঠে আসেনি। বিকাল ৪টা থেকে সহযোগীরা পানির নিচে অনেক খোঁজাখুজির পর সন্ধ্যা সাড়ে ৬টায় জীবনের লাশ উদ্ধার করে।

কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।