উই আর প্রেগন্যান্ট: প্রথম সন্তানের খবর দিলেন রাজ-শুভশ্রী

কোয়েল মল্লিকের পর এবার মা হতে চলেছেন শুভশ্রী গাঙ্গুলি। স্বামী রাজ চক্রবর্তীকে নিয়ে এক ঘোষণায় বললেন, ‘উই আর প্রেগন্যান্ট’।

দ্বিতীয় বিবাহবার্ষিকীতে বাবা-মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন রাজ-শুভশ্রী। তবে পরিবারে ছোট্ট সদস্যের আসার খবর একটু অন্যরকমভাবেই শেয়ার করেন কলকাতার এই সেলিব্রিটি জুটি।

খুশির খবর দিতে গিয়ে তারা জানান, ‘উই আর প্রেগন্যান্ট’ অর্থাৎ, সন্তান শুভশ্রীর গর্ভে বেড়ে উঠলেও, সেই সময়ের ভাগীদার রাজও।

ইনস্টাগ্রামে এই দম্পতি খবরটি শেয়ার করেছেন ভীষণ প্রস্তুতি নিয়ে। মজার গ্রাফিক টি-শার্টে, হাতে বোর্ড নিয়ে সবাইকে জানালেন ‘বেবি কামিং ২০২০’।

ছবি পোস্ট করে শুভশ্রী লিখলেন, “আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে সবার সঙ্গে শেয়ার করে নিচ্ছি একটি সুখবর। আমাদের দুজনের হাত ধরতে খুব শিগগিরই আসছে একজন। উই আর প্রেগন্যান্ট।”

টলিউডের এই পরিচালক-অভিনেত্রী জুটির খুশির খবর প্রকাশ্যে আসার পর তাদের শুভেচ্ছা জানাতে শুরু করেন ভক্তরা। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় থেকে অনিন্দিতা বোসসহ শোবিজের অনেকেই মন্তব্যের ঘরে ঢুঁ মারছেন।