হালদা নদী থেকে আহত অবস্থায় উদ্ধার ১৪ কেজি ওজনের মা মাছটি সোমবার সকালে মারা গেছে।
চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলি বলেন, আমরা দুদিন ধরে সর্বোচ্চ চেষ্টা করেও মা মাছটিকে বাঁচাতে পারিনি।
শনিবার হাটহাজারী উপজেলার সার্তাঘাট থেকে আহত অবস্থায় মাছটিকে উদ্ধার করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত মা মাছটিকে উদ্ধার করে জেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করি।
মা মাছটির ডিমভর্তি পেটের দুপাশে আঘাতের চিহ্ন ছিল। তিনি বলেন, হালদা নদীরক্ষা বাঁধে ব্যবহৃত পাথুরে ব্লকে ধাক্কা খেয়ে আঘাত পেয়েছে বলে ধারণা করছি।
মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলি বলেন, আমরা মাছটিকে সার্কুলেশন ট্যাংকে অক্সিজেন ও পানিপ্রবাহ দিয়েছি। তবে উদ্ধারের পরপরই প্রচুর মানুষ মাছটিকে ছুঁয়ে দেখেছে বারবার। ফলে মাছটির প্রাকৃতিক রোগপ্রতিরোধ ক্ষমতা কমে গেছে।