লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক গৃহবধূকে শারিরীকভাবে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার জোংড়া ইউনিয়নের মমিনপুর এলাকার আরজিনা বেগম (২৬) নামের ওই গৃহবধূকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেছেন গৃহবধূর বাবা।
নিহতের পরিবার ও থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে পার্শ্ববর্তী নীলফামারী জেলার ডিমলা উপজেলার বাইশপুকুর খালিশা গ্রামের আমির উদ্দিনের মেয়ে আরজিনা বেগমের সাথে পাটগ্রাম উপজেলার মমিনপুর গ্রামের আজিজার রহমানের ছেলে রাসেল মিয়ার (২৮) সাথে পারিবারিক সম্মতিতে বিয়ে হয়। বিয়ের পর থেকেই গৃহবধূ আরজিনা বেগমকে যৌতুকের কারণে প্রায়শই মারপিট ও নির্যাতন করত স্বামী রাসেল ও তার পরিবারের লোকজন।
এ অবস্থায় রবিবার দুপুরে একই কারণে আরজিনাকে বেদম মারপিট করে। মারপিটের কারনে গৃহবধূ আরজিনা মারা গেলে তার লাশ ঝুলিয়ে রেখে শ্বশুর, ভাসুর, জা ও ননদরা পালিয়ে যায়। খবর পেয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় রবিবার রাতে নিহতের বাবা আমির উদ্দিন বাদি হয়ে পাটগ্রাম থানায় যৌতুকের কারণে মারপিট এবং নারী ও শিশু নির্যাতন আইনে মেয়ের স্বামী রাসেলকে প্রধান করে মোট ৮ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, গৃহবধূকে নির্যাতন করে হত্যা করা হয়েছে মর্মে ওই গৃহবধূর বাবা থানায় মামলা দায়ের করেছেন। সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, ময়নাতদন্তের পর গৃহবধূর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশ জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।