পানির বিলও বিকাশে

ঢাকা ও চট্টগ্রাম ওয়াসার বিল এখন খুব সহজেই বিকাশে পরিশোধ করা যাবে। ফলে করেনা বিস্তার রোধের এই সময়ে গ্রাহক ঘরে থেকেই যেকোনো সময় নিজের এবং অন্যের পানির বিল পরিশোধ করতে পারবেন।

গতকাল সোমবার বিকাশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ওয়াসার ৩ লাখ ৮০ হাজার ও চট্টগ্রাম ওয়াসার ৭২ হাজার গ্রাহক কোনো বাড়তি চার্জ ছাড়াই চলতি মাস বা বকেয়াসহ বিল বিকাশে পরিশোধ করতে পারবেন। এতে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে বাড়তি সময় ও অর্থ ব্যয় না করে সহজ, ঝামেলাহীন এবং নিরাপদে পানির বিল পরিশোধের সেবা নিশ্চিত হলো। গ্রাহক চাইলে তার পানির বিলের পরিমাণও বিকাশ থেকে চেক করে দেখতে পারবেন। এছাড়া বিল পরিশোধের সঙ্গে সঙ্গেই তিনি পেয়ে যাবেন ই-রসিদ; যা ভবিষ্যৎ প্রয়োজনের জন্য সংরক্ষণ করতে পারবেন।

বিল পরিশোধে বিকাশ অ্যাপের পে-বিল অপশন থেকে পানি এবং ঢাকা ওয়াসা বা চট্টগ্রাম ওয়াসা নির্বাচন করে মাস নির্বাচন করতে হবে। এরপর গ্রাহক তার বিল নম্বরটি দেবেন। পরে বিকাশ পিন দিয়ে বিল পরিশোধ সম্পন্ন করবেন। তাৎক্ষণিকভাবেই বিল পরিশোধ হয়ে যাবে এবং গ্রাহক সেবাদাতা প্রতিষ্ঠান ও বিকাশ লোগো সংবলিত ই-রসিদ পাবেন। গ্রাহক চাইলে তার বিল নম্বরটি বিকাশ অ্যাপে সংরক্ষণ করে রাখতে পারেন, যা ভবিষ্যতের বিল দেওয়া আরও সহজ করবে। *২৪৭# ডায়াল করে কিছু ইন্টারঅ্যাকটিভ ধাপ অনুসরণ করেও পানির বিল পরিশোধের সুযোগ রয়েছে বিকাশে।

বিকাশের মাধ্যমে সারা দেশের সব বিদ্যুৎ বিতরণ কোম্পানির প্রিপেইড এবং পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন গ্রাহক। এছাড়া গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, ডিটিএইচ, সিটি করপোরেশন ট্যাক্সসহ শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন ফিও বিকাশে পরিশোধের সুযোগ রয়েছে।