নরসিংদী থেকে অপহৃত শিশু নেত্রকোণায়, অপহরণকারী গ্রেপ্তার

নরসিংদীর বেলাব থেকে অপহৃত তাওহীদ (৫) নামে এক শিশুকে নেত্রকোণা থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার নেত্রকোণার আটপাঁড়া উপজেলার বাহাদুরপুর গ্রাম হতে তাওহীদকে উদ্ধার করা হয়। এ সময় ওয়াসিম মিয়া (১৫) নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে রবিবার  উপজেলার ভাটেরচর গ্রামের প্রবাসী সোহাগ মিয়ার ছেলে তাওহীদকে ওই গ্রাম থেকে অপহরণ করা হয়। 

বেলাব থানা পুলিশ জানায়, রবিবার সকালে ভাটেরচর গ্রামের প্রবাসী সোহাগ মিয়ার ছেলে তাওহীদ বাড়ির পাশে খেলা করতেছিলো। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা বাড়ির পাশে তাওহীদকে খুজেঁ পায় না। পরে তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে স্থানীয়দের কাছ থেকে  জানতে পারেন তাদের গৃহকর্মী ওয়াসিম শিশুটিকে নিয়ে  বাসস্ট্যান্ডের দিকে গেছে। এ সময় গৃহকর্মী ওয়াসিম নিখোঁজ ও তার মোবাইল নাম্বার বন্ধ থাকায় শিশুটির পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে রবিবার রাতে শিশুটির দাদী হাফেজা বেগম ওয়াসিমকে আসামী করে বেলাব থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন।

পরে বেলাব থানা পুলিশ নেত্রকোণা পুলিশের সহায়তায় ওয়াসিমের নিজ বাড়ি আটপাঁড়া উপজেলার বাহাদুরপুর গ্রাম হতে অপহৃত শিশুটিসহ অপহরণকারী ওয়াসিমকে গ্রেপ্তার করে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া বলেন, ওয়াসিম মুক্তিপণ দাবির উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করে তার নিজে এলাকা নেত্রকোণায় নিয়ে গিয়েছিল। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অপহরণকারীর অবস্থান জেনে নেত্রকোণা থেকে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।