হবিগঞ্জে বাড়ি ফিরল করোনাজয়ী আরও ১০ জন

হবিগঞ্জে ১০ করোনাজয়ীকে সদর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

তারা হলেন অধীর দাশ (৩০), সুমন হাওলাদার (২০), অপু দাশ (১৮), বাবুল মিয়া (২৪), জালাল (৫০), মালেক (৬৪), সুমন মিয়া (২২), আক্কাস (৪৫), উজ্জ্বল (১৬) ও অলি মিয়া (৩২)। তারা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। 

জেলাও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা গতকাল সোমবার তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনাজয়ী প্রত্যেকের হাতে পাঁচ হাজার টাকা, ভিটামিন-সি-সমৃদ্ধ ফলের ঝুড়ি তুলে দেন সহকারী কমিশনার মাসুদ রানা। কিছুদিন আগে এক মাইক্রোবাসচালক করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১১ জনে।

এদিকে গত এক মাসে হবিগঞ্জে ১০১জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ১১ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে যাত্রী নিয়ে আসা মাইক্রোবাসচালক মোফাজ্জল জেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হন।

গতকাল বিকেল ৪টা পর্যন্ত জেলায় ১০১জন করোনা আক্রান্ত ব্যক্তির মধ্যে স্বাস্থ্য বিভাগের ২৭ জন, জেলা, উপজেলা ও পুলিশ প্রশাসনের ১৯ জন রয়েছেন। বাকিরা বিভিন্ন পেশায় জড়িত। সম্প্রতি চুনারুঘাট উপজেলার একটি চা-বাগানের শ্রমিকের সন্তান আভাস (৫) সিলেট শামসুদ্দিন হাসপাতালে মারা গেছে।