করোনামুক্ত হলো নড়াইল

নড়াইলে করোনাভাইরাসে আক্রান্ত সব রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। স্বাস্থ্য বিভাগ ১৩ রোগীর সবাইকে করোনা নেগেটিভ ঘোষণা করায় বর্তমানে নড়াইল জেলায় আর কোনো করোনা রোগী নেই। গতকাল সোমবার দুপুরে জেলার সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন দেশ রূপান্তরকে এসব তথ্য জানান। এর আগে নড়াইল সদর ও লোহাগড়া উপজেলায় এক এক করে ৭ চিকিৎসকসহ ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়।

সিভিল সার্জন বলেন, ‘আজ (সোমবার) সকালে সর্বশেষ তিনজনের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। এর আগের দিন গত ১০ মে ৯ জনের ফলাফল নেগেটিভ আসে। এ ছাড়া বেশ কয়েক দিন আগে এক যুবক সুস্থ হয়ে ওঠেন। সব মিলিয়ে নড়াইল জেলায় করোনায় আক্রান্ত ১৩ জনই সুস্থ হয়ে ওঠায় আর কোনো রোগী নেই। এর মধ্য দিয়ে বর্তমানে নড়াইল জেলা করোনা ভাইরাসমুক্ত হলো।’

সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত রবিবার ও গতকাল সোমবার নড়াইল সদরে তিন চিকিৎসকসহ চারজন এবং লোহাগড়ায় তিন চিকিৎসকসহ আটজনের দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। এর আগে লোহাগড়া পৌর এলাকায় প্রথম করোনায় আক্রান্ত এক যুবককে করোনামুক্ত ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ।

নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা দেশ রূপান্তরকে বলেন, ‘জেলায় করোনা আক্রান্ত সকলেই সুস্থ হয়ে উঠেছে। সকলে স্বাস্থ্যবিধি মেনে চলছে। আমরা সম্মিলিতভাবে নড়াইল জেলাকে করোনামুক্ত রাখতে পারব।’