গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটে যাত্রী ও যানবাহনের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সেই সাথে বাড়ছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরির সংখ্যাও।
সোমবার যাত্রী ও যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় রাতে ১০টি ফেরি চালু রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ।
মঙ্গলবার দৌলতদিয়া ঘাটে দেখা যায়, ভোর থেকেই যাত্রীর প্রচুর চাপ রয়েছে। সেই সাথে ব্যক্তিগত ছোট গাড়িরও চাপ রয়েছে। অন্যান্য যানবাহনের তুলনায় মোটরসাইকেলই ছিল বেশি।
অন্যদিকে পণ্যবাহী ট্রাকও নদী পারের জন্য অপেক্ষা করছে। গত ১০ মে থেকে ঘাটে যানবাহনের চাপ অনেকটা বেড়েছে বলে জানান ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বলেন, ১০ মে থেকে সীমিত আকারে দেশের সব বাণিজ্য প্রতিষ্ঠান ও শপিংমল খুলে দেওয়ার পর থেকেই ঘাটে অতিরিক্ত চাপ রয়েছে।
করোনার কারণে এই নৌরুটে দীর্ঘদিন সীমিত আকারে শুধু জরুরি যানবাহনের জন্য কয়েকটি ফেরি চলাচল করছে। সোমবার রাতে যানবাহন ও যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় ১০টি ফেরি চালু করা হয়েছিল।