চট্টগ্রামে করোনায় আরও এক নারীর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা গেছেন। পাঁচদিন ধরে চিকিৎসাধীন থাকার পর ওই নারীর মৃত্যু হয়। 

মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়েছে। ওই নারী হাঁপানিতেও ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও ফোকাল পারসন ডা. আব্দুর রব বলেন, ‘গত ৮ মে ৩২ বছর বয়সী ওই নারী জেনারেল হাসপাতালে ভর্তি হন। প্রচন্ড শ্বাসকষ্ট থাকায় তাকে শুরুতেই আইসিইউতে রাখা হয়েছিল। অবস্থা স্থিতিশীল হওয়ার পর সোমবার আইসিইউ থেকে আইসোলেশনে নেওয়া হয়। কিন্তু মঙ্গলবার সকালে অবস্থার অবনতি হলে তাকে আবারও আইসিইউতে নেওয়া হয়। সেখানেই বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়েছে।’

এই পর্যন্ত চট্টগ্রামে কভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২২ জন।