পোশাক শিল্পকে কেন্দ্র করে গুজব, একজন আটক

করোনা পরিস্থিতিতে দেশের পোশাক শিল্পকে অস্থিতিশীল করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ শ্রমিক নিহত হয়েছে এমন গুজব ছড়ানোর অভিযোগে মঙ্গলবার বাদল নামে গাজীপুরের ময়েজ উদ্দিন টেক্সটাইল মিলের এক শ্রমিককে আটক করা হয়।

শিল্প পুলিশ সূত্র জানায়, ময়েজ উদ্দিন টেক্সটাইলে সোমবার থেকে শত ভাগ বেতনের দাবিতে আন্দোলন করে শ্রমিকরা। মঙ্গলবারও তারা কর্ম বিরতি পালন করে। এ সময় শ্রমিক বাদল তার ফেইসবুকে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ শ্রমিক নিহত হয়েছে বলে গুজব ছড়ায়। এতে অন্য শ্রমিকরাও উত্তেজিত হয়ে পড়ে। তারা কারখানাটিতে ভাঙচুর চালায়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় ওই শ্রমিককে আটক করা হয়।

এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশের অধ্যক্ষ (এসপি) শামসুন্নাহার পিপিএম দেশ রূপান্তরকে বলেন, শ্রমিক নিহত হওয়ার গুজব ছড়ানোর সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে ওই শ্রমিককে আটক করা হয়েছে। বর্তমানে তিনি আমাদের হেফাজতে আছেন। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার আদালতের কাছে আবেদন করব।